বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, নির্বাচনের আগেই মানবতাবিরোধী ফ্যাসিস্টদের বিচার করতে হবে। তারপর সংস্কার করতে হবে।
তিনি বলেন, সংস্কার না করে কোনো নির্বাচন হবে না। যারা দ্রুত নির্বাচন চায়, তাদের কথায় ভিন্ন কথার সুর। কারণ তারা ডাকাতি করতে চায়।
শনিবার (২৫ জানুয়ারি) সকালে ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে মাঠে জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াতে ইসলামী ভোলা জেলা শাখা এ কর্মী সম্মেলনের আয়োজনে করে।
তিনি আরো বলেন, সংস্কারের জন্য আমরা সময় দিতে রাজি আছি। সকল ইসলামী দল তাই চায়। কারণ জনগণ একটি নিরপেক্ষ নির্বাচনেরর পক্ষে। আগামী ৬ মাসের মধ্যে নির্বাচনের রোডম্যাপ তৈরি করতে হবে।
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল বলেন, এ সরকারের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র চলছে। সকল ষড়যন্ত্র মোকাবেলা করে নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন চাই, তাহলে আগামীর নতুন বাংলাদেশ গড়তে পারব।
অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, নতুন বাংলাদেশ গড়ার জন্য জাতীয় ঐক্য তৈরি করতে হবে। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে, এর সঙ্গে ষড়যন্ত্র শুরু হয়েছে জামায়াতে ইসলামীর বিরুদ্ধেও। আবার কেউ কেউ আওয়ামী ভাষায়ও কথা বলতে শুরু করেছেন।
কোনো ষড়যন্ত্রের ভূমিকায় না গিয়ে আগস্টের মূল চেতনাকে ধারণ করে জাতীয় ঐক্যের ভিত্তিতে একটি সুন্দর নির্বাচনে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, মানবরচিত কোনো আইনে সুবিচার কায়েম হতে পারে না। পবিত্র কুরআনে যে সুবিচার শিক্ষা দেয়া হয়েছে সেটাই হচ্ছে আসল সুবিচার ব্যবস্থা। আমরা বাংলাদেশে কোরআন ও সুন্নাহর ভিত্তিতে প্রকৃত সুবিচারের ভিত্তিতে একটি কল্যাণ রাষ্ট্র গঠন করতে চাই, এ রাষ্ট্রই হবে একটি নতুন বাংলাদেশ।
আগামী নির্বাচনকে সামনে রেখে জামায়াতের এ নেতা বলেন, আমাদের নেতাকর্মীদের জেগে ওঠার মধ্য দিয়ে ৩০০ আসনের পার্লামেন্টে যদি আমরা ১৫১ জন এমপি পাঠাতে পারি, তাহলে আমরাই পারব ইসলামী রাষ্ট্র কায়েমের মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশ গড়তে।
এছাড়াও ভোলার সঙ্গে বরিশালের সড়ক পথে সংযোগ স্থাপনের জন্য ভোলা-বরিশাল ব্রিজ নির্মাণের দাবি জানান তিনি। একই সঙ্গে ভোলার প্রতিটি ঘরে তিনি গ্যাস সংযোগ দেয়ার দাবি জানান।
এ সময় নতুন বাংলাদেশ গড়ার জন্য জাতিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে জামায়াতের সেক্রেটারি বলেন, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতে হবে পিআর পদ্ধতিতে। সকল ইসলামী দল সেটাই চায়।
সম্মেলনে কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ভোলা জেলার আমির মো. জাকির হোসাইনের সভাপতিত্বে সম্মেলনে অন্যদের মধ্যে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও বরিশাল অঞ্চল পরিচালক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসাইন হেলাল, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগরীর আমির অধ্যক্ষ জহির উদ্দিন মোহাম্মদ বাবর, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ড. আ জ ম ওবায়দুল্লাহ, কেন্দ্রীয় মজলিসে শূরা ও বরিশাল অঞ্চল টিম সদস্য এ কে এম ফখরুদ্দিন খান রাজিসহ জামায়াতে ইসলামীর স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।










