রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক ও স্নাতক (সম্মান) শ্রেণিতে স্থগিতকৃত ভর্তির প্রাথমিক আবেদন আবারো শুরু হচ্ছে। সোমবার (২৭ জানুয়ারি) দুপুর ১২টা থেকে শুরু হয়ে এ আবেদন চলবে ৫ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন ফি পুনঃনির্ধারণ করে ২২ টাকা করা হয়েছে। এছাড়া ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে ভর্তি কমিটি।

রোববার (২৬ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদারের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বলা হয়েছে, চূড়ান্ত আবেদন তিন ধাপে যথাক্রমে ১১ থেকে ১৫ ফেব্রুয়ারি, ১৮ থেকে ২০ ফেব্রুয়ারি ও ২৩ থেকে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত সম্পন্ন হবে। ভর্তি পরীক্ষা পূর্বনির্ধারিত 'বি' ইউনিট ১২ এপ্রিল, 'এ' ইউনিট ১৯ এপ্রিল ও 'সি' ইউনিট ২৬ এপ্রিল সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও রংপুরে অবস্থিত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য ও প্রযোজ্য শর্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট http://admission.ru.ac.bd থেকে জানা যাবে।

অন্যদিকে পোষ্য কোটা বাতিলের বিষয়টি বণিক বার্তাকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. আবু সাদেক মো. কামরুজ্জামান। রোববার সকালে ভর্তি উপ-কমিটি ও ভর্তি কমিটির পৃথক দুই মিটিংয়ে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এ বিষয়ে অধ্যাপক কামরুজ্জামান বলেন, আজকের মিটিংয়ে পোষ্য কোটা না রাখার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এছাড়া প্রাথমিক আবেদনের তারিখ নির্ধারিত হয়েছে এবং ফি কমানো হয়েছে। পোষ্য কোটা যেহেতু প্রাতিষ্ঠানিক সুবিধা, তাই এই সুবিধা কীভাবে কর্মকর্তা-কর্মচারীদের দেয়া যায় সেই বিষয়ে সিদ্ধান্ত নিতে একটা কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটির সুপারিশ অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

উল্লেখ্য, স্থগিত হওয়া ভর্তি কার্যক্রম শুরুর বিষয়ে সিদ্ধান্ত নিতে আজ রোববার ভর্তি উপ-কমিটি ও ভর্তি কমিটির পৃথক দুটো মিটিং বসে। সকাল ১০টায় ভর্তি উপ-কমিটির মিটিং এবং সকাল সাড়ে ১১টায় ভর্তি কমিটির মিটিং হয়। সেখানে এসব সিদ্ধান্ত গৃহীত হয়েছে।