জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) সহসভাপতি (ভিপি) আব্দুর রশিদ জিতু বিএনপিতে যোগ দিয়েছেন। এ সময় তার সঙ্গে জাকসুর কয়েকটি হল সংসদের প্রতিনিধি ছাত্রদলে যোগ দেন। গতকাল দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তারা আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, ছাত্রদলের সহসভাপতি তহিদুর রহমান আওয়ালসহ কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের নেতারা।
ছাত্রদলে যোগ দেয়া হল সংসদের সদস্যদের মধ্যে রয়েছেন—নবাব সলিমুল্লাহ হলের ভিপি ইবনে শিহাব, আল বেরুনী হলের ভিপি রিফাত আহমেদ শাকিল, এএফএম কামাল উদ্দীন হলের ভিপি জিএমএম রায়হান কবির, রবীন্দ্রনাথ ঠাকুর হলের ভিপি অমিত বণিক, নওয়াব ফয়জুন্নেসা হলের ভিপি বুবলি আহমেদ, বেগম খালেদা জিয়া হলের ভিপি ফারজানা রিথি, মীর মোশাররফ হোসেন হলের জিএস শারিয়ান নাজিম রিয়াদ, শহীদ রফিক-জব্বার হলের জিএস শরিফুল ইসলাম এবং শহীদ সালাম-বরকত হলের ভিপি মারুফ হাসান। সংবাদ সম্মেলনে অনুপস্থিত থাকলেও এর আগে ছাত্রদলে যোগ দিয়েছেন শহীদ সালাম-বরকত হলের জিএস মাসুদ রানা এবং এএফএম কামাল উদ্দীন হলের এজিএস রিপন মণ্ডল।










