নাটোরের বড়াইগ্রাম উপজেলায় বসতঘর আগুনে পুড়ে মা ও দুই শিশুসন্তানের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বাবাসহ দুজন। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার খাকসা উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত দুজনকে উদ্ধার করে প্রথমে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মৃত তিনজন হলেন উপজেলার খাকসা উত্তরপাড়া গ্রামের ওয়ালিউল্লাহর স্ত্রী সোমা আক্তার (৩০), মেয়ে অনিয়া খাতুন (১০) ও ছেলে ওমর (৩)। আহত হয়েছেন বাবা ওয়ালিউল্লাহ (৩৫) ও তার বন্ধু আনোয়ার হোসেন (৪২)।
এলাকাবাসী ও বড়াইগ্রাম থানা সূত্রে জানা যায়, রাত ৯টার দিকে ট্রাকচালক ওয়ালিউল্লাহ বন্ধু আনোয়ারকে সঙ্গে নিয়ে বাড়িতে আসেন। এ সময় দুই সন্তান ঘুমিয়ে ছিল।
তাদের খাবার দেয়ার জন্য সোমা রান্নাঘরে যান। সেখানে খাবার গরম করার সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হয়ে আগুন লেগে যায়। ওয়ালিউল্লাহ ও আনোয়ার আগুন নেভাতে যান। ততক্ষণে রান্নাঘরের আগুন শোবার ঘরে ছড়িয়ে পড়ে। সোমা ঘুমন্ত সন্তানদের ঘর থেকে বের করতে যান। এ সময় আগুনে পুড়ে তিনজনেরই মৃত্যু হয়।
খবর পেয়ে নাটোরের জেলা প্রশাসক শামীম আহম্মেদসহ পুলিশ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা রাতেই ঘটনাস্থলে যান। সেখানে নাটোর ফায়ার সার্ভিসের উপপরিচালক এ টি এম মোর্শেদ বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত। ঘরের মধ্যে একটি খালি ও গ্যাসভর্তি একটি সিলিন্ডার ছিল।’










