ঢাকা-১১ আসনে এগারো দলীয় জোটের প্রার্থী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘১১ দলীয় জোট সরকার গঠনের লক্ষ্যে গঠিত হয়েছে। আমরা মনে করছি, আমরা সরকার গঠনের দ্বারপ্রান্তে রয়েছি।' নির্বাচন সুষ্ঠু হলে জনরায়কে মেনে নেবেন বলেও জানান তিনি।

আজ সকাল ৮ টায় বাড্ডার এ.কে.এম রহমত উল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে ভোট প্রদান শেষে সাংবাদিকদের এ কথা বলেন।

নিজের জীবনের প্রথম ভোট দিতে নাহিদ ইসলাম ভোটারদের কেন্দ্রে এসে ভোটদানের আহ্বান জানান। তিনি বলেন, 'সবাই ভোটকেন্দ্রে আসুন। আজকে ভোটের দিন, আজকে এই দেশে নিজেদের মালিকানা বুঝে নেয়ার দিন।'

নির্বাচনের পরিবেশ নিয়ে নাহিদ ইসলাম অভিযোগ করেন গতকাল রাতে কয়েকটি জায়গায় হামলা হয়েছে। কোনো ধরনের প্রতিকূলতাকে 'ফোকাস' করছেন না জানিয়ে তিনি বলেন, ‘অনেকগুলো জায়গায় আমাদের ক্যাম্পে হামলা হয়েছে। এসব প্রতিকূলতা কিন্তু আছে। আমরা এসব প্রতিকূলতায় মনোযোগ দিচ্ছি না। আমরা ভোটারদের বলব, আপনারা ভোট দিতে আসুন। আমরা মনে করি, মানুষ ব্যালটেই তাদের রায় দিবে।‘

তিনি প্রশাসন, মিডিয়া ও সেনাবাহিনীর প্রতি অনুরোধ জানান ভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য। তিনি বলেন, ‘আমাদের এত আন্দোলন সংগ্রাম আত্মত্যাগ সব মিথ্যা হয়ে যাবে যদি ভোট সুষ্ঠু না হয়। আমরা আশা করব তারা যেন নিরপেক্ষ আচরণ করে। তাহলে প্রশাসনও নিরপেক্ষ আচরণ করবে।‘