ধর্ষণ
মামলায় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের (খুকৃবি) সাবেক উপাচার্য অধ্যাপক মো. শহীদুর রহমান খানকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল দুপুরে খুলনা নারী ও শিশু নির্যাতন
দমন ট্রাইব্যুনাল-৩-এ আত্মসমর্পণ
করে জামিনের আবেদন করেন তিনি। পরে শুনানি শেষে আদালতের বিচারক আবদুস সালাম খান জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ফরিদ আহম্মেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
গত ১৩ মার্চ খুলনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ৩-এ মামলার আবেদন করেছিলেন একই বিশ্ববিদ্যালয়ের এক নারী কর্মকর্তা। শুনানি শেষে বিচারক মামলাটি গ্রহণ করতে সোনাডাঙ্গা থানাকে নির্দেশ দেন।
ভুক্তভোগী নারীর আইনজীবী সুলতানা রহমান শিল্পী জানান, ওই নারী মামলার এজাহারে অভিযোগ করেন, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য থাকাকালে শহীদুর রহমান বিয়ের কথা বলে তাকে একাধিকবার ধর্ষণ করেন। তার ওই কাজে সহযোগিতা করেন রেজিস্ট্রার খন্দকার মাজহারুল আনোয়ার। পরে বিয়ে করতে অস্বীকৃতি জানালে ওই নারী আদালতের আশ্রয় নেন।










