খুলনার কয়রায় দক্ষিণ বেদকাশি ইউনিয়নের চরামুখা এলাকায় কপোতাক্ষ নদ তীরবর্তী বাঁধের প্রায় ৩০০ মিটার ভেঙে অন্তত তিনটি গ্রাম প্লাবিত হয়েছে।
গতকাল ভোরে পানি উন্নয়ন বোর্ডের ১৪/১ নম্বর পোল্ডারে এ ঘটনা ঘটে। এতে প্রায় আড়াই হাজার বিঘার চিংড়ির ঘের ক্ষতির মুখে পড়েছে।
ওই ইউনিয়নের সংরক্ষিত নারী সদস্য রশিদা খানম জানান, দীর্ঘদিন ওই স্থানের বাঁধ ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। বাঁধ রক্ষায় স্থানীয়রা কয়েকদিন ধরে স্বেচ্ছায় কাজ করেছেন। শেষ পর্যন্ত তা রক্ষা করা সম্ভব হয়নি। গতকাল ভোরে নদীতে ভাটার সময় বাঁধটি ভেঙে যায়।
দুপুরের জোয়ারে চোরামুখা, ঘড়িলাল ও সরদারপাড়া—এ তিনটি গ্রাম প্লাবিত হয়েছে। এতে প্রায় আড়াই হাজার বিঘার চিংড়ির ঘের ক্ষতির মুখে পড়েছে।
দক্ষিণ বেদকাশি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছের আলী মোড়ল জানান, বাঁধের ভেঙে যাওয়া স্থান দ্রুত মেরামত করা না হলে দীর্ঘমেয়াদি ক্ষতির মুখে পড়বে মানুষ। জরুরি ভিত্তিতে বাঁধটি মেরামতের দাবি জানান তিনি।
পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মশিউল আবেদীন বলেন, বাঁধটি যে পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে, চাইলেও দ্রুত মেরামত সম্ভব নয়। নদীতে জোয়ারের তীব্রতা কমলে কাজ করা সম্ভব হবে।
কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস জানান, প্লাবিত এলাকার ক্ষতিগ্রস্ত মানুষের জন্য প্রয়োজনীয় সহযোগিতায় স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে নির্দেশনা দেয়া হয়েছে। একই সঙ্গে দ্রুত বাঁধ মেরামতের পদক্ষেপ নেয়া হচ্ছে।










