নওগাঁর পত্নীতলা উপজেলার শীতলমাঠ সীমান্ত দিয়ে ১৬ জনকে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ভোরে সীমান্তের পাশ থেকে তাদের আটক করে থানায় সোপর্দ করে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি)।

আটকরা বাংলাদেশের নাগরিক বলে বিজিবি নিশ্চিত করেছে। তাদের মধ্যে সাতজন পুরুষ, পাঁচ শিশু ও চার জন নারী। তাদের আদি নিবাস পাবনা জেলায়।

১৪ বিজিবি’র সদর দপ্তর পত্নীতলা ব্যাটালিয়ন থেকে একটি প্রেস বার্তায় জানায়, ভোরে বিজিবি পত্নীতলা ব্যাটালিয়নের অধীনস্থ শীতলমাঠ বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ২৫৪/১-এস এর কাছ দিয়ে বিএসএফ ১৬ জনকে বাংলাদেশে পুশইন করে।

বিজিবির টহল দল ঘুরকী গ্রামের পাকা রাস্তা সংলগ্ন চা দোকানের পাশে থেকে তাদেরকে আটক করে।