গাইবান্ধার সাঘাটা উপজেলার খামার ধনারুহা মুক্তিনগর গ্রামে রাহেলা (৫০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ ।

সোমবার ২৪ (মার্চ) দুপুরে নিজ শয়ন ঘরের চালার ধরনা থেকে মরদেহটি উদ্ধার করা হয় ।

স্থানীয়রা জানান, সোমবার সকালে রাহেলার ঘরের দরজা বন্ধ দেখে স্থানীয়রা বিষয়টি রহস্যজনক মনে করে ঘরের দরজা ভেঙে ফেলেন। তারা ঘরের চালার ধরনায় রাহেলার ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে স্থানীয়রা খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

স্থানীয়দের দাবি, পারিবারিক কলহের জেরে তাকে হত্যা করে মরদেহ ঘরের চালার ধরনার সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে।

নিহতের স্বামী আব্দুস সামাদ জানান, আমি ধানের জমিতে পানি নিচ্ছিলাম । লোকমুখে শুনতে পাই, আমার স্ত্রী মারা গেছে। পরে বাড়িতে গিয়ে তার মরদহে দেখি।

মুক্তিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসান হাবীব লায়ন জানান, লোকমুখে শুনে আমি ঘটনাস্থলে যাই। এরপর পুলিশকে খবর দিলে তারা এসে মরদেহ উদ্ধার করে।

সাঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি ) বাদশা আলম জানান, ঘটনাটি শোনার পরে আমি ঘটনাস্থল পরিদর্শন ও মরদেহটি উদ্ধার করি । এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা হয়েছে ।