তিন দফা দাবি নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় যাওয়ার পথে পুলিশের বাধায় সড়কে অবস্থান নিয়েছে জুলাই আন্দোলনে ক্ষতিগ্রস্ত আরব আমিরাত ও অন্যান্য দেশ থেকে ফেরত প্রবাসীরা।
আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১০টায় রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনের সড়ক দিয়ে যাওয়ার সময় পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের বাধা দেন। এ সময় একদিকে পুলিশ ও আরেকদিকে আন্দোলনকারীরা সড়কে অবস্থান নেয়ায় শাহবাগ-বাংলামোটর রোডে যানযট সৃষ্টি হয়েছে।
আন্দোলনকারীরা বলেন, যতক্ষণ পর্যন্ত প্রধান উপদেষ্টার সঙ্গে আমাদের প্রতিনিধি দল সাক্ষাৎ না করবে অথবা উপদেষ্টাদের কেউ আমাদের সঙ্গে দেখা না করবে ততক্ষণ আমরা আন্দোলন চালিয়ে যাব।
এ সময় আন্দোলনের নেতৃত্ব দেয়া আরব আমিরাত ফেরত প্রবাসী খালিদ সাইফুল্লাহ বলেন, দীর্ঘদিন ধরে আমাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করে আসছি। গত ৭ ফেব্রুয়ারি জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিলাম, যাতে আমাদের দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করা হয়। কিন্তু দুঃখজনকভাবে এখন পর্যন্ত কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হয়নি।
আমাদের বারবার আশ্বাস দেয়া হলেও, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং উপদেষ্টা আসিফ নজরুল স্যার কোনো কার্যকর উদ্যোগ নেননি। প্রবাসী শ্রমিকদের দুর্দশা চরমে পৌঁছেছে, অথচ সরকারের পক্ষ থেকে কোনো সমাধান আসেনি।
সড়কে অবস্থান নেয়া জুলাই আন্দোলনে ক্ষতিগ্রস্থ প্রবাসীরা প্রধান উপদেষ্টা সঙ্গে সরাসরি সাক্ষাতের সুযোগ দেয়া, ক্ষতিগ্রস্ত প্রবাসীদের জন্য অর্থনৈতিক সহায়তা এবং পূর্ণাঙ্গ পুনর্বাসন পরিকল্পনা ঘোষণা করা, প্রবাসী শ্রমিকদের অধিকার রক্ষায় দ্রুত কার্যকরী সরকারি পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছেন।










