জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনে করে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন হলেও ভোট গণনায় ব্যর্থতার পরিচয় দিয়েছে নির্বাচন কমিশন ও অন্তর্বর্তী সরকার। এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, ‘এবার ভোট গণনায় একধরনের টেম্পারিং হয়েছে, যার বিভিন্ন প্রমাণ আমরা এরই মধ্যে পেয়েছি। আমরা ভোট গণনার ক্ষেত্রে এবং ফলাফল ঘোষণায় কমিশনের ক্ষেত্রে অবশ্যই বলব যে সরকার এবং নির্বাচন-সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যর্থতার পরিচয় দিয়েছেন।’
গতকাল রাতে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ।
ভোট গণনা নিয়ে আপত্তি থাকায় এনসিপি ও ১১ দলীয় ঐক্য পুনরায় ভোট গণনার আবেদন করেছে বলেও জানান আসিফ মাহমুদ। তিনি অভিযোগ করেন, নির্বাচন কমিশন, সরকার, দেশের গণমাধ্যম ও নির্বাচনসংশ্লিষ্ট ব্যক্তিদের বোঝাপড়ার মাধ্যমে ভোট গণনায় একধরনের ‘মেটিকুলাস প্ল্যান’ বাস্তবায়ন করা হয়েছে। যেই প্ল্যানের উদ্দেশ্য ছিল, বিএনপিকে জাতীয় সংসদের দুই-তৃতীয়াংশ আসন পাইয়ে দেয়া। একধরনের আন্ডারস্ট্যান্ডিংয়ের (বোঝাপড়া) মধ্য দিয়ে টু-থার্ড মেজরিটি পাইয়ে দেয়ার যে প্ল্যানের কথা আমরা বলছি, সেটা বাস্তবায়ন করা হয়েছে।
ভোটের ফলাফল ঘোষণার পর দেশের বিভিন্ন জেলায় এনসিপি ও ১১ দলীয় জোটের অন্য দলকে যারা ভোট দিয়েছেন, তাদের ওপর হামলা, হেনস্তা ও মামলা দেয়া হচ্ছে বলে অভিযোগ করেন আসিফ মাহমুদ। তিনি বলেন, ‘শুধু বিরোধী দলের নেতাকর্মীদের ওপর হামলা হচ্ছে তা নয়, তাদের (বিএনপির) নিজেদেরও যেখানে বিদ্রোহী প্রার্থী ছিল, সেখানে বিদ্রোহী প্রার্থীকে ভোট দেয়ার কারণে হামলা, মারধর, আহত করা, বাড়িঘর জ্বালিয়ে দেয়ার মতো ঘটনার মধ্য দিয়ে আমরা যাচ্ছি।’
জাতীয় নির্বাচনে বিএনপি দুই-তৃতীয়াংশ আসনে জয় পাওয়ায় জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে শঙ্কা প্রকাশ করেন আসিফ মাহমুদ। তিনি নির্বাচনে জয় পাওয়া প্রার্থীদের শপথ গ্রহণের আগে জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি দেয়ার আহ্বান জানান।
নির্বাচনের পর পঞ্চগড়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয়ের তালা খুলে দেয়ার প্রতিক্রিয়ায় আসিফ মাহমুদ বলেন, ‘এ ঘটনায় বোঝা যায়, বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে একধরনের বোঝাপড়া ছিল।’ কার্যক্রম নিষিদ্ধ থাকা সত্ত্বেও যারা ঘোষণা দিয়ে আওয়ামী লীগের কার্যালয়ের তালা খুলে দিয়েছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার দাবি জানান তিনি।










