ভোটের মাঠে অবৈধ অর্থের ছড়াছড়ি রুখতে না পারলে নির্বাচন সুষ্ঠু হবে না বলে শঙ্কা প্রকাশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। একই সঙ্গে এ ধরনের অতীত রাজনৈতিক অপসংস্কৃতি বন্ধে প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক দলগুলোর প্রতিও আহ্বান জানিয়েছে দলটি।

গতকাল সন্ধ্যায় রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান।

গাজী আতাউর রহমান বলেন, ‘অতীত পরিচয় যাই হোক, সব ভোটার যেন নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যেতে পারে সে বিষয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সজাগ থাকতে হবে।’

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন, ‘দেশের বিভিন্ন জায়গায় দলটির নেতাকর্মীরা হামলা ও হুমকির শিকার হচ্ছেন। ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মতো কলঙ্কিত ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে, সে বিষয়ে নির্বাচন কমিশন, প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সচেষ্ট থাকতে হবে।’