গাইবান্ধার সাঘাটা উপজেলায় বজ্রপাতে আব্দুল আজিজ (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। রোববার (৫ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে দীঘলকান্দী গ্রামে এ ঘটনা ঘটে।

আব্দুল আজিজ উপজেলার হলদিয়া ইউনিয়নের দীঘলকান্দী গ্রামের মকবুল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে আব্দুল আজিজ নিজের বাড়ির পাশের জমিতে ধানের কাজে ব্যস্ত ছিলেন। এ সময় আকাশে মেঘ জমে প্রবল বৃষ্টি শুরু হলেও তিনি কাজ চালিয়ে যাচ্ছিলেন। হঠাৎ বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। পরিবারের সদস্যরা দ্রুত স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাঘাটা থানার অফিসার ইনচার্জ বাদশা আলম জানান, বজ্রপাতে এক ব্যক্তির মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এটি একটি প্রাকৃতিক দুর্ঘটনা। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।