ভোলা সদরের ধনিয়া তুলাতুলী এলাকায় মেঘনা নদীতে মায়ের দোয়া-৩ নামের একটি মাছ ধরা ট্রলার তলা ফেটে তলিয়ে যায়। এ সময় ওই ট্রলারে থাকা সাত জেলেকে আশপাশে থাকা অন্যান্য ট্রলারের সহযোগিতায় উদ্ধার করা হয়। গতকাল বিকালে সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের তুলাতুলী এলাকার মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান খান ঘটনাস্থল পরিদর্শন করে জেলেদের সঙ্গে কথা বলেন।

উদ্ধার হওয়া জেলেরা জানান, তারা দৌলতখান থেকে মাছ শিকারের জন্য ধনিয়া তুলাতুলীর মেঘনায় আসেন। ঘূর্ণিঝড় ইয়াসের সতর্কতা সংকেত পেয়ে বিকালে দৌলতখানের উদ্দেশে রওনা দেন। পথিমধ্যে মেঘনায় তাদের ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে যায়। অতিরিক্ত জোয়ারের কারণে ট্রলারের তলা ফেটে ট্রলারটি ডুবে যায়। ট্রলারে থাকা জেলেরা আশপাশের অন্যান্য ট্রলারের সহযোগিতায় উদ্ধার হয়। এতে কোনো জেলেই হতাহত হননি। উদ্ধার হয় ট্রলারে থাকা জাল ও অন্যান্য মালামাল।