গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ঢাকা-দিনাজপুর আঞ্চলিক সড়কে খলসী নামক স্থানে দাঁড়িয়ে থাকা একটি মালবোঝাই ট্রাকে দ্রুতগামী আরেক ট্রাকের ধাক্কায় একজন হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় হেলপার হাসান আলী (৩০) ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এছাড়া গুরুতর আহত হয়েছেন ড্রাইভার।
রোববার (২৩ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে গোবিন্দগঞ্জ পৌরসভার খলসী ভাঙ্গা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হেলপার হাসান আলী গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়নের রাঘবপুর গ্রামের মমদেল হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, রাতে মালবোঝাই একটি ট্রাক দিনাজপুর থেকে ঢাকা যাওয়ার সময় খলসী এলাকায় পৌঁছালে ট্রাকের ইঞ্জিনে সমস্যা দেখা দেয়। তখন ট্রাকটি সড়কের পাশে রেখে তারা ইঞ্জিন মেরামত করছিলেন। ওই সময় ঘোড়াঘাট থেকে গোবিন্দগঞ্জগামী আরেকটি ট্রাক দ্রুতগতিতে ধাক্কা দেয় থেমে থাকা ওই ট্রাকে। তখন দুটি ট্রাকই রাস্তার পাশে খাদে পড়ে গিয়ে হাসান আলী ঘটনাস্থলেই নিহত হন। আহত চালককে গুরুতর অবস্থায় উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, মরদেহ উদ্ধার করে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানায় রাখা হয়েছে। নিহত ব্যক্তির স্বজনদের খবর দেয়া হয়েছে। অন্য ট্রাকটি রেখে চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন।










