ঘন কুয়াশায় মানিকগঞ্জের আরিচা-কাজিরহাট ও পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। মাঝ নদীতে আটকে আছে চারটি ফেরি। চার ঘাটে পারের অপেক্ষায় রয়েছে পাঁচ শতাধিক যানবাহন।
আরিচা সেক্টরের ডিজিএম নাসির চৌধুরী জানান, মধ্য রাত থেকে পদ্মা ও যমুনা নদীর অববাহিকায় ঘন কুয়াশার প্রকোপ বাড়তে থাকে। এক পর্যায়ে ঘন কুয়াশায় পুরো নৌপথ ঢেকে গেলে নৌ দুর্ঘটনা এড়াতে রাত দেড়টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়। এসময় মাঝ নদীতে আটকে পড়ে বরকত ও কপোতী নামে দুইটি ফেরি।
ঘন কুয়াশায় আরিচা-কাজিরহাট নৌ-রুটেও রাত দেড়টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এসময় মাঝ নদীতে যানবাহন নিয়ে নোঙর করে রাখা হয় খান জাহান আলী ও চিত্রা নামে দুইটি ফেরি।
এছাড়া পাটুরিয়াঘাটে ৬টি ও দৌলতদিয়াঘাটে ৪টি ফেরি এবং আরিচাঘাটে আরও তিনটি ফেরি যাত্রী ও যানবাহন বোঝাই করে আটকিয়ে রাখা হয়েছে বলেও জানান ঘাট কর্তৃপক্ষ।
এদিকে, ফেরি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চারটি ঘাটে পারাপারের অপেক্ষায় আটকে রয়েছে পাঁচ শতাধিক যানবাহন। এর মধ্যে চার শতাধিক পণ্যবাহী ট্রাক, বাকীগুলো যাত্রীবাহী বাস, প্রাইভেটকার-মাইক্রোবাস রয়েছে।
আরিচা সেক্টরের ডিজিএম নাসির চৌধুরী জানান, ঘন কুয়াশা প্রাকৃতিক বিষয়। কুয়াশা না কেটে যাওয়া পর্যন্ত ফেরি চালানো সম্ভব হবে না।
কুয়াশার প্রকোপ কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হবে বলেও জানান এই কর্মকর্তা।










