নওগাঁয় ভজন দেবনাথ সজল নামে এক অটোরিকশাচালক হত্যা মামলায় পাঁচ আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। গতকাল দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক মো. কায়সারুল ইসলাম এ রায় দেন। মামলায় সান্তাহার এলাকার আলতাফ হোসেনের ছেলে আব্দুল আজিজের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ না হওয়ায় তাকে খালাস দেয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) মুনছুর আলী।

আদালত সূত্রে জানা গেছে, ভজন দেবনাথ সজল অটোরিকশা চালাতেন। ২০১৯ সালের ১৬ নভেম্বর সন্ধ্যা ৬টার দিকে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন তিনি। পরদিন সকালে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।