খুলনার রূপসা নদীতে রূপসা রেলসেতু এলাকায় বালি বহনকারী বাল্কহেডের ধাক্কায় একটি ট্রলার ডুবে গিয়েছে। এ ঘটনায় ট্রলারে থাকা এক যাত্রী নিখোঁজ রয়েছেন। রোববার রাত পৌনে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ মাহতাব হোসেন ওরফে সাগির (২২) নগরীর খালিশপুর হাউজিং বাজার এলাকার মো. সাকিলের ছেলে। তিনি ওয়েল্ডিং মিস্ত্রি।

রূপসা নৌ-পুলিশ ফাঁড়ির এসআই শরিফুল ইসলাম জানান, একটি ট্রলারে করে সাতজন সুন্দরবনের দিকে যাচ্ছিলেন। রূপসা রেলসেতুর কাছে বিপরীতে দিক থেকে আসা একটি বাল্কহেডের সঙ্গে ধাক্কা লেগে ট্রলারটি ডুবে যায়। এ সময় ছয়জন সাঁতরে তীরে উঠতে পারলেও একজন নিখোঁজ রয়েছেন।