দীর্ঘ ২০ বছর পর নওগাঁ যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এতে উজ্জীবিত বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এরইমধ্যে তারেক রহমানকে বরণের জন্য শহরের এটিম মাঠে সম্পন্ন করা হয়েছে সব ধরনের প্রস্তুতি।

আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) এটিম মাঠে বিকাল সাড়ে ৫টায় নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তারেক রহমান। এটিম মাঠে তৈরি করা হয়েছে ৪০ ফুট দৈর্ঘ্য ও ৩২ ফুট প্রস্থের মঞ্চ। এদিকে বিএনপি চেয়ারম্যান ও তার সফরসঙ্গীদের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তারেক রহমানের উপস্থিতি ঘিরে জেলাজুড়ে বিএনপির নেতাকর্মীদের মাঝে ব্যাপক আনন্দ বিরাজ করছে। সকাল থেকেই জেলার বিভিন্ন উপজেলা ও পাশ্ববর্তী জেলাগুলো থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশ এলাকায় আসতে শুরু করেছে নেতাকর্মীরা। ধীরে ধীরে এটিম মাঠ নেতাকর্মীদের উচ্ছ্বাস আর স্লোগানে মুখর হয়ে ওঠছে। সময়ের সঙ্গে বাড়ছে উপস্থিতিও।

দলীয় সূত্র জানায়, দুপুর ২টায় রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে জনসভা শেষে বিকাল সাড়ে ৫টায় নওগাঁর জনসভায় অংশ নেবেন তারেক রহমান। নওগাঁয় জনসভা শেষে নিজ পৈত্রিক ভিটা ও নির্বাচনী এলাকা বগুড়ায় যাবেন তারেক রহমান। নওগাঁর জনসভায় দুই লাখের বেশি মানুষের জনসমাগম হবে বলে আশাপ্রকাশ করেন স্থানীয় বিএনপি নেতারা।

আজ সকালে এটিম মাঠে যুবদল নেতা শামীনুর রহমান শামীম বলেন, ‘তারেক রহমানকে কাছ থেকে দেখতে পাব, এর চাইতে বড় আনন্দের আর কী হতে পারে। আজ খালেদা জিয়া বেঁচে থাকলে আরো ভালো লাগত। তবে আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের হাত ধরে দেশ এগিয়ে যাবে, এটাই প্রত্যাশা।‘

নওগাঁ-৫ (সদর) আসনের ধানের শীষের প্রার্থী জাহিদুল ইসলাম ধলু বলেন, দীর্ঘদিন পর তারেক রহমানের আগমনে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা তৈরি হয়েছে। এই জনসভায় নওগাঁর ছয়টি আসন ও জয়পুরহাটের দুটি আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থীদের পরিচয় করে দেবেন তারেক রহমান।

নওগাঁ জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমন ঘিরে সব রকমের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এই জনসভাকে কেন্দ্র করে পুরো জেলা আনন্দ উল্লাসে ভাসছে। নেতাকর্মীরা অত্যন্ত উজ্জীবিত ও আনন্দিত। জনসভা থেকে দলের নির্বাচনী অঙ্গীকার ও ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনার পাশাপাশি নওগাঁর উন্নয়নের কথা নওগাঁবাসীর সামনে তুলে ধরবেন।