গাইবান্ধার সুন্দরগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় ফাতেমা আক্তার (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। একই ঘটনায় খাদিজা আক্তার হানি (৮) নামে আরেক শিশু গুরুতর আহত হয়।

আজ সোমবার (২৭ জানুয়ারি) সকালে সুন্দরগঞ্জ উপজেলার বেলকা-ধুবনী সড়কের পূর্ব শান্তিরাম গ্রামের সুরুত আলীর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

মৃত ফাতেমা আক্তার পূর্ব শান্তিরাম গ্রামের আশরাফুল ইসলামের মেয়ে। আহত খাদিজা একই গ্রামের হামিদুল ইসলামের মেয়ে। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো বোন।

স্থানীয়রা জানান, ফাতেমার বাবা আশরাফুল ইসলাম সোমবার সকালে ঢাকাগামী যাত্রীবাহী গাড়িতে উঠছিলেন। তাকে বিদায় জানাতে মা ও খাদিজাসহ ফাতেমা রাস্তায় আসে। বাবার গাড়ি ছেড়ে যাওয়ার পর রাস্তা পার হতে গেলে একটি দ্রুতগতির ব্যাটারিচালিত অটোরিকশা তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ফাতেমা মারা যায়। এ সময় আহত খাদিজাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।