খুলনা মেডিকেল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের তিনদিন পর দোকান খুলেছেন হাসপাতালের সামনের ওষুধ ব্যবসায়ীরা। স্থানীয় কাউন্সিলর ও সংসদ সদস্যের সহায়তায় বৃহস্পতিবার রাত ১০টার দিকে তারা দোকান খোলেন।

গতকাল সকালে বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির কেন্দ্রীয় কমিটির পরিচালক ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল গেটের সামনের ওষুধের দোকান মালিক জিল্লুর রহমান জুয়েল জানান, বৃহস্পতিবার রাতে স্থানীয় সংসদ সদস্য ও সিটি মেয়রের সঙ্গে বৈঠক শেষে ব্যবসায়ীরা দোকান খোলার সিদ্ধান্ত নেন। রাতেই স্থানীয় কাউন্সিলর ও সংসদ সদস্যের সহায়তায় হাসপাতালের সামনের ৯০টি দোকান খুলে দেয়া হয়েছে।

জুয়েল বলেন, ‘দোকান বন্ধ থাকায় একদিকে যেমন তারা ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, অন্যদিকে রোগীরাও ব্যাপক ভোগান্তিতে পড়েন।’ 

ওষুধ কেনাকে কেন্দ্র করে সোমবার রাত ৯টার দিকে ওষুধ ব্যবসায়ীদের সঙ্গে খুলনা মেডিকেল কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে কমপক্ষে ১৫ শিক্ষার্থী ও ৯ ওষুধ ব্যবসায়ী আহত হন। এর মধ্যে তিন শিক্ষার্থীর অবস্থা ছিল গুরুতর।

ওই ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিকভাবে কর্মবিরতি শুরু করেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। অন্যদিকে হাসপাতালের সামনের ওষুধ ব্যবসায়ীরা দোকান বন্ধ রাখেন।