খুলনায় হরিণটানা থানার হোগলাডাঙ্গা এলাকায় বাসচাপায় মাদ্রাসা শিক্ষকসহ দুজন নিহত হয়েছেন। খুলনা-সাতক্ষীরা আঞ্চলিক মহাসড়কের হোগলাডাঙ্গা প্রগতি স্কুলের সামনে গতকাল সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিক্ষুব্ধ এলাকাবাসী ঘণ্টাখানেক মহাসড়ক অবরোধ করে রাখে।

নিহতরা হলেন হরিণটানার রাজবাঁধ এলাকার মো. মোস্তফার ছেলে মো. বেল্লাল হোসেন (২৫) ও বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার কাটাবুনিয়া গ্রামের মো. কাউসারের ছেলে মো. শরিফুল ইসলাম (২২)। এর মধ্যে নিহত শরিফুল রাজবাঁধ হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক ও বেল্লাল একই এলাকার আয়েশাবাদ জামে মসজিদের মুয়াজ্জিন। স্থানীয়দের বরাত দিয়ে হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক এ তথ্য নিশ্চিত করেন।

স্থানীয়রা জানান, বেলাল ও শরিফুল রাজবাঁধের ভেতর থেকে মোটরসাইকেলে প্রধান সড়কে উঠছিলেন। টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি বাস সাতক্ষীরা থেকে খুলনার দিকে আসছিল। এ সময় বাসটি মোটরসাইকেলে ধাক্কা দিলে দুই আরোহী পড়ে যান। বাসচাপায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এমনকি তাদের মোটরসাইকেল ও হেলমেট ভেঙে চুরমার হয়ে গিয়েছে। খুলনা শহরের আয়েশা জামে মসজিদের সেক্রেটারি রফিকুল ইসলাম বলেন, কিছুদিন আগে নতুন একটি চাকরি পান বেলাল হোসেন। অফিসে যাতায়াতের জন্য গতকাল ফজরের নামাজ শেষে মোটরসাইকেল চালানো শিখতে বের হন। বেলালকে পেছনে বসিয়ে চালানো শেখাচ্ছিলেন শরিফুল। এর মধ্যেই দুর্ঘটনাটি ঘটল। 

হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাসটি এখনো আটক করা যায়নি। দুর্ঘটনার পরপরই চালক পালিয়ে গিয়েছে। এদিকে ঘটনার পর সড়ক অবরোধ করেন এলাকাবাসী। পরে তাদের সরিয়ে দেয়া হয়েছে।