গাজীপুরের কাশিমপুরে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের বন্ধ হওয়া ১৬ কারখানা খুলে দেয়া, ব্যাংক ঋণ প্রদান ও এলসি চালুর দাবিতে শ্রমিক-কর্মকর্তা ও কর্মচারীরা দীর্ঘ মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
আজ মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল ৯টা থেকে চন্দ্রা-নবীনগর মহাসড়কের পাশে ১১ কিলোমিটার এলাকাজুড়ে এ মানববন্ধনে কয়েক হাজার শ্রমিক অংশ নেন।
শ্রমিকরা জানান, গত ১৫ ডিসেম্বর শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে বেক্সিমকোর ১৬টি কারখানা বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়। এতে অন্তত ৪০ হাজার শ্রমিক কর্মসংস্থান হারান। মানববন্ধনে শ্রমিকরা কারখানা পুনরায় চালু, ব্যাংকিং ব্যবস্থা সচল ও বকেয়া পরিশোধের দাবি জানান।
শ্রমিকরা আরো জানান, কারখানা বন্ধ হওয়ার পর থেকে তারা সরকারের দৃষ্টি আকর্ষণে লিফলেট বিতরণ, মাইকিং ও প্রচারণা চালিয়ে আসছেন। এ জন্য ১৩টি গুরুত্বপূর্ণ পয়েন্ট চিহ্নিত করে টিম লিডারদের মাধ্যমে দায়িত্ব বণ্টন করা হয়।
মঙ্গলবার সকালে শুরু হওয়া শান্তিপূর্ণ মানববন্ধনে আইনশৃঙ্খলা বাহিনী উপস্থিত ছিল। তারা মহাসড়ক এলাকায় নিরাপত্তা নিশ্চিত করে যান চলাচল স্বাভাবিক রাখে।
শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম বলেন, শ্রমিকরা শান্তিপূর্ণভাবে তাদের দাবির পক্ষে মানববন্ধন করেছেন। প্রায় ৯-১০ কিলোমিটার এলাকাজুড়ে মানববন্ধন হয়েছে। তবে মহাসড়কের পাশে অবস্থান করায় যান চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি।










