বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সিভিল এভিয়েশন একাডেমির উদ্যোগে ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গনাইজেশন (আইসিএও) প্রণীত প্রশিক্ষক প্রশিক্ষণ কোর্সের (টিআইসি) সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বেবিচকের সদর দফতরের অডিটোরিয়ামে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে বেবিচকের প্রশিক্ষণ কার্যক্রমে নিয়োজিত ২৪ কর্মকর্তা কোর্স সম্পন্ন করে সনদ গ্রহণ করেন।
এ আয়োজনের মূল উদ্দেশ্য ছিল এভিয়েশন প্রশিক্ষণ ব্যবস্থাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা এবং দক্ষ ও যোগ্য এভিয়েশন প্রশিক্ষক তৈরি করা, যারা ভবিষ্যতে দেশের এভিয়েশন খাতের টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
অনুষ্ঠানে সিভিল এভিয়েশন একাডেমির পরিচালক প্রশান্ত কুমার চক্রবর্তী ‘ওভারভিউ অব এভিয়েশন ট্রেনিং’ শীর্ষক প্রেজেন্টেশন উপস্থাপন করেন। এতে তিনি আইসিএও’র গ্লোবাল এভিয়েশন ট্রেনিং (জিএটি), ট্রেনার প্রাস প্রোগ্রাম প্রশিক্ষণের গুণগত মান নিশ্চিতকরণ এবং ভবিষ্যৎ প্রশিক্ষণ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।
এতে প্রধান অতিথি ছিলেন বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক। তিনি বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের পরিচালনা ও সম্প্রসারণ এবং কক্সবাজার বিমানবন্দরের উন্নয়নসহ বেবিচকের বিভিন্ন বৃহৎ প্রকল্প বাস্তবায়নের জন্য দক্ষ ও আন্তর্জাতিক মানসম্পন্ন এভিয়েশন পেশাজীবীর প্রয়োজনীয়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ প্রেক্ষিতে সিভিল এভিয়েশন একাডেমি দক্ষ মানবসম্পদ উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করছে এবং একটি উৎকর্ষ কেন্দ্র হিসেবে কাজ করে যাচ্ছে।
তিনি আরো জানান, সিভিল এভিয়েশন একাডেমি বর্তমানে ’রুলস আব দ্য এয়ার’ ও ‘এয়ারোড্রোম অপারেশনস ফর এটিসিওস’ নামে দুটি আন্তর্জাতিক মানসম্পন্ন প্রশিক্ষণ কোর্স উন্নয়নের কাজ করছে, যা এভিয়েশন পেশাজীবীদের দক্ষতা আরো বৃদ্ধি করবে এবং ভবিষ্যতে বৈশ্বিকভাবে স্বীকৃত প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার নতুন সুযোগ সৃষ্টি করবে।
বিশেষ অতিথি ছিলেন বেবিচকের সদস্য (অপারেশনস অ্যান্ড প্ল্যানিং) এয়ার কমডোর আবু সাঈদ মেহ্বুব খান। তিনি বলেন, এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট, এভিয়েশন সিকিউরিটি, এয়ারোড্রোম অপারেশনস ও রেসকিউ অ্যান্ড ফায়ার ফাইটিংয়ের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ট্রেইনিং নিড অ্যাসেসমেন্টের (টিএনএ) ভিত্তিতে অপারেশনাল প্রয়োজন অনুযায়ী প্রশিক্ষণ পরিকল্পনা নেয়া হয়েছে। সিমুলেশন, ফিল্ড প্র্যাকটিস ও পারফরম্যান্স অ্যাসেসমেন্ট সমন্বয়ে নেক্সট জেনারেশন ট্রেইনিং নিরাপত্তা ও দক্ষতা বহুগুণে বৃদ্ধি করবে।
সিভিল এভিয়েশন একাডেমির পরিচালক প্রশান্ত কুমার চক্রবর্তী বলেন, এ ২৪ কর্মকর্তা এখন আন্তর্জাতিক মানের প্রশিক্ষক হিসেবে কম্পিটেন্সি-বেইজড ট্রেইনিং পরিচালনায় সক্ষম। জব টাস্ক অ্যানালাইসিস এবং ট্রেইনিং নিড অ্যাসেসমেন্ট (টিএনএ)-এর ভিত্তিতে আমরা কম্পিটেন্সি-বেইজড ট্রেইনিং অ্যাসেসমেন্ট (সিবিটিএ), লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম, সিমুলেশন এবং ডিজিটাল কনটেন্টের মাধ্যমে সিভিল এভিয়েশন একাডেমিকে আঞ্চলিক সেন্টার অব এক্সিলেন্স হিসেবে প্রতিষ্ঠা করব।
এতে আরো উপস্থিত ছিলেন বেবিচকের সদস্যরা, পরিচালক, উপপরিচালক, সহকারী পরিচালকসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।










