রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের সামনের গাছ কেটে প্রায় শতাধিক শামুকখোল পাখির আবাসস্থল নষ্ট ও হত্যার প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে নওগাঁ শহরের মুক্তির মোড়ে এ মানববন্ধন পালিত হয়।
স্থানীয় সামাজিক সংগঠন একুশে পরিষদ আয়োজিত মানববন্ধনের সভাপতিত্ব করেন সভাপতি অ্যাডভোকেট ডিএম আব্দুল বারী। এতে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা বিন আলী পিন্টু, আব্দুস ছাত্তার মন্ডল, শফিকুল ইসলাম খান, সহ-সাধারণ সম্পাদক নাইস পারভীনসহ আরও অনেকে।
মানববন্ধনে বক্তারা বলেন, পরিবেশের ক্ষতি করে এমন উন্নয়ন মানা যায় না। এমন উন্নয়নের নামে জীববৈচিত্র্য ধ্বংস করলে সাধারণ মানুষ মেনে নেবে না। এমন ন্যাক্কারজনক ঘটনার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানান তারা।
প্রসঙ্গত, রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগের গেটের সামনে সামান্য বৃষ্টিতেই পানি জমে থাকে। পানি নিষ্কাশনের জন্য ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ করা হচ্ছে। শনিবার (৪ সেপ্টেম্বর) কাটা হয়েছে দুটি গাছ। গাছে থাকা শামুকখোল পাখির শতাধিক বাচ্চা মারা যায়।










