দেশে হামের উপসর্গ নিয়ে আরো সাত শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছে ছয়জন। স্বাস্থ্য অধিদপ্তর গতকাল প্রকাশিত পৃথক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, এ ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে চারজন এবং চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগে একজন করে মারা গেছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও উপসর্গে ১ হাজার ২৪৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ ও হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১৪৪ জন মারা গেছে।
হামের উপসর্গ নিয়ে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ৫১১ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরপর সিলেট বিভাগে ২০১ জন, চট্টগ্রামে ১১০, রাজশাহীতে ৯৩, ময়মনসিংহে ৮৯, বরিশালে ৬৮, খুলনায় ৫৫ ও রংপুর বিভাগে ১৭ জন মারা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, একদিনে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৬৪ জনের। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট হাম শনাক্ত হয়েছে ২৩ হাজার ৬৯৫ জনের। আর নতুন করে ১ হাজার ২৫১ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এ নিয়ে মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ২ লাখ ২৬ হাজার ৩৫৭।
হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ১৪৯ জন। এর মধ্যে ঢাকা বিভাগে ৩৮৮ জন, চট্টগ্রামে ২৫৭, সিলেটে ১২৭, বরিশালে ১০০, খুলনায় ১২২, ময়মনসিংহে ৯১, রংপুরে ৩৬ ও রাজশাহীতে ২৮ জন।
এ নিয়ে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ১ হাজার ৪৬৮-তে। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১ লাখ ৯৩ হাজার ৩০১ জন।
এদিকে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে যাদের মৃত্যু হয়েছে তাদের মধ্যে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে দুজন করে এবং খুলনা ও রংপুর বিভাগে একজন করে। এ নিয়ে চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪১৫-তে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ২৪ ঘণ্টায় নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৭৫৫ জন। এছাড়া চট্টগ্রামে ২৭২ জন, খুলনায় ২৬৪, বরিশালে ২২৯, রাজশাহীতে ১৮৮, ময়মনসিংহে ৮৯, রংপুরে ৭৮ ও সিলেট বিভাগে ১১ জন।
এ নিয়ে চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে মোট ভর্তি হয়েছে ১ লাখ ৩২ হাজার ১০৫ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১ লাখ ২৫ হাজার ৪৩৯ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে ৬ হাজার ২৫১ জন।










