নওগাঁর বদলগাছীতে এক বিএনপি নেতার বাড়ি থেকে রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এএইচএম লিটনের এপিএস আব্দুল ওয়াহেদ খান টিটুকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৯ মে) ভোর ৫টার দিকে উপজেলার চাকরাইল গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। আব্দুল ওয়াহেদ খান টিটু রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র গা ঢাকা দিলে লোকচক্ষুর আড়ালে চলে যান টিটু। এরপর থেকে বিভিন্ন এলাকায় পালিয়ে বেড়াচ্ছিলেন। তাকে গ্রেফতারে তথ্য প্রযুক্তির সহযোগিতা নিয়ে তার সর্বশেষ অবস্থান বদলগাছী উপজেলার চাকরাইল গ্রামে নিশ্চিত হয় পুলিশ। এরপর গোপন সংবাদের ভিত্তিতে ওই গ্রামের বাসিন্দা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও নওগাঁ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি সাগর চৌধুরীর বাড়ীতে অভিযান চালিয়ে টিটুকে গ্রেফতার করে পুলিশ।
বদলগাছী থানার পরিদর্শক (ওসি তদন্ত) সাইফুল ইসলাম আব্দুল ওয়াহেদ খান টিটুকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, রাসিকের সাবেক মেয়র লিটনের এপিএস টিটুর বিরুদ্ধে রাজশাহীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।










