খুলনার রূপসা পাইকারি মাছ বাজারে উঠেছে ২৩ কেজি ৬৮০ গ্রাম ওজনের একটি ভোল মাছ। আজ বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকালে বিক্রির জন্য মাছটি রূপসা পাইকারি বাজারে নিয়ে আসা হয়। মাছটির দাম হাঁকানো হয় ৮ লাখ টাকা। তবে আরো বেশি দামে বিক্রির আশায় মাছটি বিক্রি করেননি বলে দাবি করেন বিক্রেতা।

জানা গেছে, ১০ জানুয়ারি বঙ্গোপসাগরে দুবলার চর এলাকায় সাতক্ষীরার আশাশুনির কুড়িকাহুনিয়া গ্রামের জেলে মাসুম বিল্লাহ’র জালে ধরা পড়ে মাছটি। তবে মাছটি খুলনায় নিয়ে এসেছেন মো. রহমত নামের এক ব্যক্তি। তিনি মাসুম বিল্লাহ সহযোগী ও পেশায় তিনিও জেলে। রহমত মাছটি বিক্রির জন্য রূপসা পাইকারি বাজারের মেসার্স মদিনা ফিস ট্রেডার্স নামের আড়তে তুলেছেন। দুষ্প্রাপ্য বিশাল মাছটি দেখতে বিভিন্ন বয়সের মানুষ ভিড় জমিয়েছেন ওই আড়তে। তবে আশানুরূপ দাম না পাওয়ায় এখন মাছটি চট্টগ্রামে পাঠানোর পরিকল্পনা করছেন রহমত।

মদিনা ফিশ ট্রেডার্সের পরিচালক মো. আবু মুছা বলেন, ভোল মাছ খুবই কম পাওয়া যায়। বছরে দুই-একটি মাছ পাওয়া যায়।এত বড় ভোল মাছ আগে কখনো দেখিনি। ভোল মাছ বিভিন্ন ওষুধ তৈরিতে ব্যবহৃত হয় বলে শুনেছি। এ কারণে এই মাছের দাম বেশি। রহমত বলেন, দুবলার চরে প্রথমে দাম হয়েছিল প্রতি কেজি ৪০ হাজার টাকা। সে হিসেবে তখন দাম হয় ৮ লাখ ৪০ হাজার টাকা। আরো বেশি দামের আশায় মাছটি সেখানে বিক্রি না করে খুলনার বাজারে আনা হয়েছে। তবে আশানুরূপ দাম না পাওয়ায় এখন চট্টগ্রামে পাঠানোর পরিকল্পনা করছি।

খুলনা জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল বলেন, ‘মূলত ভোল মাছ যত বড় হয়, এর দাম তত বেশি হয়। কারণ, সামুদ্রিক এই মাছের বায়ুথলী বা এয়ারব্লাডার ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়। পৃথিবীর বিভিন্ন দেশে বিশেষ স্যুপ তৈরিতেও এ মাছ ব্যবহার করা হয়।’