বরিশালের মেহেন্দিগঞ্জের পাতারহাট লঞ্চঘাটে নোঙর করা এমভি সায়মুন-১ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৮ মার্চ) ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বরিশাল নদী বন্দর কর্মকর্তা সেলিম রেজা বলেন, ভোর রাত তিনটার দিকে পাতারহাট লঞ্চঘাটে নোঙর করে রাখা এমভি সায়মুন-১ লঞ্চে অগ্নিকাণ্ড ঘটে। আগুন লাগার পরপরই ফায়ার সার্ভিস ও স্থানীয়রা তা নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দীর্ঘ সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি আরো বলেন, ইঞ্জিন ছাড়া আগুনে গোটা লঞ্চের সবকিছুই পুড়ে গেছে। তবে এ ঘটনায় কোনো প্রাণহানি হয়নি।

এ বিষয়ে মেহেন্দিগঞ্জ থানার ওসি মো. জাহাঙ্গির আলম জানান, উপজেলা সদরের পাতারহাট লঞ্চঘাটে বরিশাল-মেহেন্দিগঞ্জ রুটে চলাচলকারী এমভি সায়মুন-১ লঞ্চটি নোঙর করা ছিল। রাত ৩টার দিকে হঠাৎ লঞ্চটিতে আগুন লাগে। কীভাবে আগুনের সূত্রপাত তা জানা যায়নি। তবে লঞ্চটি আগুনে পুড়ে গেছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।