আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, ‘ভোটের আগে সবাই মাজারে যায়, কিন্তু মাজারে হামলা হলে কেউ সহমর্মিতা দেখাতে আসে না’। সাম্প্রতিক সময়ে মাজার ও মাজার ভক্তদের ওপর হামলাকে বিরুদ্ধ মতের ওপর হামলা অভিহিত করে এর বিরুদ্ধে জুলুম ও বৈষম্য বিরোধী নাগরিকদের দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

এবি পার্টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সকালে মিরপুর শাহ আলী বেগদাদী (রহ.) এর মাজার প্রাঙ্গণে এক প্রতিবাদ সমাবেশে মঞ্জু এ আহ্বান জানান। সাধু-গুরু-ভক্ত ও ওলি-আউলিয়া আশেকান পরিষদ এবং ভাব বৈঠকী সভার যৌথ আয়োজনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মোহাম্মদ রোমেলের সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন কবি ও ভাবুক ফরহাদ মজহার। বিপুল সংখ্যক বিক্ষুব্ধ মাজার ভক্ত, পাগল, সাধক, বাউল ও দর্শনার্থী সমাবেশে অংশ নেন।

গত বৃহস্পতিবার রাতে মিরপুর শাহ আলী মাজারে হামলায় ক্ষোভ ও প্রতিবাদ জানিয়ে মজিবুর রহমান মঞ্জু বলেন, ছোটবেলায় আমরা অনেকেই ভক্তি সহকারে মাজার জেয়ারত করেছি, মাজারে মোমবাতি জ্বালিয়েছি। কিন্তু বিজ্ঞ আলেমদের কাছ থেকে যখন জানতে পেরেছি এগুলো ধর্মমতে সহিহ কাজ নয়, আমরা সেগুলো পরিহার করেছি। বিজ্ঞ আলেমগণ আমাদের যুক্তি দিয়ে বুঝিয়েছেন। কিন্তু কখনোই মাজারে হামলা করে এসব কাজ বন্ধ করে দেয়ার জন্য উদ্বুদ্ধ করেননি। যুক্তি দিয়ে বুঝিয়ে মানুষকে সংশোধন করাই হলো ইসলামের কাজ। বিরুদ্ধ মতের ওপর শক্তি প্রয়োগ ও হামলা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়।

সারা দেশের মাজারগুলোয় সিসি ক্যামেরা লাগানোর দাবি জানান মঞ্জু। তিনি আরো বলেন, মাদক বিরোধী অভিযান শুরু করতে হবে সচিবালয় ও জাতীয় সংসদ থেকে। প্রয়োজনে সংসদে, সচিবালয়ে এবং পুলিশ প্রশাসনের মধ্যে যারা মাদকাসক্ত তাদের তালিকা প্রকাশ করা হবে।

সমাবেশে আরো বক্তব্য রাখেন এনসিপির যুগ্ন আহ্বায়ক সরোয়ার তুষার, ফরিদুল হক প্রমুখ।