ভোলায় শান্তিপূর্ণভাবে চলছে বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি। পুলিশ-বিএনপি সংঘর্ষে গুলিবিদ্ধ জেলা ছাত্রদলের সভাপতি নুরে-আলমের মৃত্যুর প্রতিবাদে আজ বৃহস্পতিবার ভোলায় সকাল-সন্ধ্যা হরতাল ঘোষণা করেন জেলা বিএনপি। হরতাল কর্মসূচিকে সফল করতে কাক ডাকা ভোর থেকেই বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শহরের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছে।
জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন লিটন ও সাধারণ সম্পাদক আব্দুল কাদের সেলিমের নেতৃত্বে সকাল আটটার দিকে হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল বের হয়। এরপর মিছিলটি জেলা বিএনপির কার্যালয়ের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন।
আলমের রক্ত বৃথা যেতে দেবো না স্লোগান দিতে থাকেন নেতাকর্মীরা। একই সময় থানা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিনের নেতৃত্বে অপর মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপির কার্যালয়ে গিয়ে সমবেত হয়। একে একে মিছিলে মিছিলে দলীয় নেতাকর্মীরা সমবেত হয় জেলা বিএনপি কার্যালয়ের সামনে।
এদিকে হরতালকে কেন্দ্র করে শহরে যানবাহন চলাচল বন্ধ ছাড়াও প্রতিটি দোকানপাট ও শপিংমল বন্ধ রয়েছে। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরের প্রতিটি পয়েন্টে রয়েছে অতিরিক্ত পুলিশ মোতায়েন। এমনকি বাড়তি সতর্কতার জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও রয়েছে কঠোর নজরদারি বলে জানান ভোলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম।
গত ৩১ জুলাই পুলিশ-বিএনপি সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ আহত জেলা ছাত্রদলের সভাপতি নুরে-আলম গতকাল বুধবার বিকেল তিনটায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে থেকে মৃত্যুবরণ করেন।










