গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়নের সরকারতারী গ্রামে গাছের নিচে চাপা পড়ে আনাস রহমান (১১) নামে এক শিশু মারা গেছে। আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আনাস রহমান সরকারতারী গ্রামের আরিফুর রহমানের ছেলে।

স্থানীয়রা জানান, আরিফুর রহমান একটি আমগাছ বিক্রি করেন। গাছটি কাটতে আসেন ক্রেতা। দুপুরে গাছটি কেটে ফেলা হলে মাটিতে পড়ার সময় দৌড়ে যায় আনাস। এ সময় গাছের নিচে চাপা পড়ে সে ঘটনাস্থলেই মারা যায়।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম তালুকদার বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেয়া হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে।