সেন্টার ফর রিসার্চ ইনস্টিটিউটের (সিআরআই) ব্যাংক অ্যাকাউন্টে ৩৫ কোটি ২১ লাখ টাকার এফডিআর পাওয়া গেছে বলে দুদক জানিয়েছে। সিআরআইর পরিচালনা পর্ষদ কর্তৃক বিভিন্ন রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে সহযোগিতার মাধ্যমে রাষ্ট্রীয় অর্থের ক্ষতিসাধনের অভিযোগে আজ দুদকের প্রধান কার্যালয় থেকে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ দপ্তর এ তথ্য জানানো হয়েছে।
দুদক জানায়, আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) অভিযানকালে প্রাপ্ত তথ্যানুযায়ী দেখা যায় যে সিআরআই নামক প্রতিষ্ঠানের চেয়ারম্যান হিসেবে সজীব ওয়াজেদ জয়, ভাইস চেয়ারম্যান সায়মা ওয়াজেদ, ট্রাস্টি রেদওয়ান মুজিব সিদ্দিক এবং নসরুল হামিদের নাম উল্লেখ রয়েছে। তবে অভিযানকালে সরজমিনে সিআরআইর কার্যালয়ে উপস্থিত হয়ে কার্যালয়টি বন্ধ পায় এনফোর্সমেন্ট টিম।
অভিযানকালে সিআরআইর যেসব ব্যাংকে হিসাব চালু ছিল ওই সব ব্যাংক (ডাচ বাংলা, আইএফআইসি, সোনালী ব্যাংক) থেকে তথ্য সংগ্রহ করা হয়। প্রাপ্ত তথ্যাদি পর্যালোচনা করে দেখা যায় যে আইএফআইসি ব্যাংকে সিআরআইর ৩৫ কোটি ২১ লাখ টাকার এফডিআর রয়েছে। এছাড়াও সোনালী ব্যাংকে লেনদেনের তথ্য পাওয়া যায়। অভিযানকালে সংগৃহীত নথিপত্র এবং ব্যাংক হিসাবগুলোর লেনদেনের তথ্য বিশ্লেষণ করে এনফোর্সমেন্ট টিম পরবর্তীতে বিস্তারিত প্রতিবেদন কমিশন বরাবর দাখিল করবে বলে জানিয়েছে।










