খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা বেতন-ভাতা বাড়ানোর দাবিতে কর্মবিরতি পালন করছেন। শনিবার রাত সাড়ে ৮টায় শুরু হওয়া ৪৮ ঘণ্টার এ কর্মবিরতি আজ রাত সাড়ে ৮টা পর্যন্ত চলবে বলে জানিয়েছেন ইন্টার্ন চিকিৎসকরা।
কর্মবিরতিতে বিপাকে পড়েছে হাসপাতাল কর্তৃপক্ষ ও রোগীরা। হাসপাতালের শয্যা সংখ্যার তিন গুণ বেশি ভর্তি হওয়া রোগীদের কম জনবল দিয়ে চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। রোগীদের অভিযোগ, শনিবার রাত থেকে তারা ভালো সেবা পাচ্ছেন না।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি দিবাকর চাকমা বলেন, ‘গত বছর ইন্টার্ন চিকিৎসক ও পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকরা তাদের বেতন-ভাতা বাড়ানোর দাবিতে আন্দোলন করেছিলেন। তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী তা বাড়ানোর আশ্বাস দিয়েছিলেন। পরে পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকদের বেতন বাড়ানো হলেও ইন্টার্ন চিকিৎসকদের ক্ষেত্রে তা করা হয়নি। ১৫ হাজার টাকা বেতন পরিশ্রমের তুলনায় অনেক কম। এটি বাড়িয়ে ৩০ হাজার টাকা করতে হবে।’
এদিকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতির কারণে চিকিৎসা না পেয়ে রোগী ও তাদের স্বজনদের হাসপাতাল এলাকার বিভিন্ন স্থানে জটলা করতে দেখা যায়। এছাড়া হাসপাতালে ভর্তি অনেক রোগীকে হাসপাতালের বিছানায় অসহায়ের মতো শুয়ে থাকতেও দেখা গেছে।
এ ব্যাপারে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক মো. হুসাইন শাফায়াত বলেন, ‘হাসপাতালটি ৫০০ শয্যার, কিন্তু রোগী ভর্তি আছে প্রায় দেড় হাজার। এত রোগী সামাল দিতে এমনিতেই হিমশিম খেতে হয় চিকিৎসকদের। ইন্টার্ন চিকিৎসকরা থাকলে রোগী সামাল দেয়া অনেকটা সহজ হয়। তবে নিয়মিত চিকিৎসকদের রোস্টার করে অতিরিক্ত দায়িত্ব পালন করার জন্য বলা হয়েছে।’










