দুর্নীতি দমন কমিশনের (দুদক) ১৩ জন পরিচালক ও দুজন উপ-পরিচালক এ বছর অবসরে যাবেন। দুদক কর্মকর্তাদের জ্যেষ্ঠতার তালিকা সূত্রে এ তথ্য জানা গেছে। দুদক বলছে, তাদের অবসরের কারণে এ সময়ে ১৩ জন উপ-পরিচালকের পরিচালক পদে পদোন্নতি পাওয়ার সুযোগ তৈরি হবে। এছাড়া দুজন সহকারী পরিচালক উপ-পরিচালক পদে পদোন্নতি পেতে পারেন।
দুদক সূত্রে জানা গেছে, আগামী ২৯ মার্চ মো. মোনায়েম হোসেন, ৩০ মার্চ গোলাম শাহরিয়ার চৌধুরী ও আনোয়ারুল হক, ১৫ এপ্রিল মলয় কুমার সাহা, ৪ জুন মো. কামরুল আহসান, ২৯ জুন মো. নাছির উদ্দিন, ৩০ জুন মো. তালেবুর রহমান, ৭ জুলাই মো. আব্দুল মাজেদ, ১৪ আগস্ট মো. জাহাঙ্গীর হোসেন, ২৪ সেপ্টেম্বর মো. আব্দুল করিম, ৫ অক্টোবর মো. আবুল হোসেন, ২০ নভেম্বর সৈয়দ তাহসিনুল হক ও ৩১ ডিসেম্বর জালাল উদ্দিন আহমদ পরিচালক পদ থেকে অবসরে যাবেন। তাদের মধ্যে গোলাম শাহরিয়ার চৌধুরী ১৯৯৬ সালে, মো. আব্দুল করিম, মো. নাছির উদ্দিন ও মো. কামরুল আহসান ১৯৯৫ সালে এবং বাকিরা সবাই ১৯৯৪ সালে তখনকার দুর্নীতি দমন ব্যুরোতে যোগ দেন।
এছাড়া উপ-পরিচালকদের মধ্যে ১৭ জুন সেলিনা আখতার ও ৮ জুলাই মুহ. মাহবুবুল আলম অবসরে যাবেন। এছাড়া গত ৯ ফেব্রুয়ারি উপ-পরিচালক মো. শফিউল্লাহ অবসরে গেছেন।













