শেষবারের মতো শর্তসাপেক্ষে গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার অনুমতি পেয়েছেন মাওলানা সাদপন্থীরা। আগামী ১৪ ফেব্রুয়ারি সাদপন্থীদের ইজতেমা শুরু হবে। আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।
উপসচিব আবু সাঈদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, টঙ্গী ময়দানে আগামী বছর থেকে ইজতেমা এবং তাবলিগের কার্যক্রম না করার শর্তে এ বছর দ্বিতীয় পর্বে ১৪-১৬ ফেব্রুয়ারি সাদপন্থীরা বিশ্ব ইজতেমা করতে পারবেন।
ইজতেমা-২০২৫ সুষ্ঠুভাবে বাস্তবায়নে তিনটি সিদ্ধান্তের কথা উল্লেখ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সিদ্ধান্তগুলো হলো- তাবলিগ জামাত বাংলাদেশের শুরায়ী নেজামের অনুসারীরা (মাওলানা মোহাম্মদ জুবায়ের) ৩১ জানুয়ারি থেকে শুরু হওয়া ইজতেমা ৫ ফেব্রুয়ারি সম্পন্ন করে ৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বাদ মাগরিব ইজতেমা ময়দান প্রশাসনের কাছে হস্তান্তর করবেন।
তাবলিগ জামাত বাংলাদেশের (মাওলানা সাদ সাহেবের অনুসারী) বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব আগামী ১৪-১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার পর ১৮ ফেব্রুয়ারি বাদ মাগরিব তারা ইজতেমা ময়দান প্রশাসনের কাছে হস্তান্তর করবেন। তবে আগামী বছর থেকে তাদের বিশ্ব ইজতেমা ও তাবলিগের কার্যক্রম টঙ্গীস্থ ইজতেমা ময়দানে করতে পারবেন না। এ শর্তে ১৪-১৬ ফেব্রুয়ারি ইজতেমা করতে পারবেন। এছাড়া আগামী ২০ ফেব্রুয়ারি ইজতেমা ময়দান শুরায়ী নেজামের নিকট হস্তান্তর করা হবে।










