টমেটোর ন্যায্য দাম না পাওয়ার প্রতিবাদে নাটোর-রাজশাহী মহাসড়কে টমেটো ফেলে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন তিন জেলার চাষীরা। আজ বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে রাজশাহী-ঢাকা মহাসড়কের বনবেলঘড়িয়া বাইপাস এলাকায় এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোরের টমেটো চাষী ও ব্যবসায়ীরা এ বিক্ষোভে অংশ নেন। এ সময় তারা টমেটো ও আমের পাল্পের উপর বর্ধিত ভ্যাট ও শুল্ক প্রত্যাহারের দাবি জানান।
চাষীরা জানান, গত ৯ জানুয়ারি সরকার টমেটো ও আমের পাল্পের ওপর ভ্যাট ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করে। এর ফলে প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠানগুলো টমেটো কেনা বন্ধ করে দিয়েছে। এতে করে ভরা মৌসুমে চাষীরা টমেটো বিক্রি করতে পারছেন না। ফলে টমেটো ক্ষেতেই নষ্ট হচ্ছে।
গোদাগাড়ীর টমেটো চাষী ইফতেখার আলম মুন্না বলেন, সরকারের এই সিদ্ধান্তের ফলে প্রান্তিক কৃষক, শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষের জীবনযাত্রার উপর প্রভাব পড়বে।
নাটোরের টমেটো চাষী বাবু জানান, ১৫ শতাংশ ট্যাক্স বৃদ্ধির কারণে তারা পণ্য বিক্রি করতে পারছেন না। এতে তাদের কৃষি পণ্য জমিতে নষ্ট হচ্ছে।
নাটোরের ব্যবসায়ীরা জানান, করোনার ধাক্কা, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও চলমান উচ্চ মূল্যস্ফীতির মধ্যে ভ্যাট বৃদ্ধির এই উদ্যোগ মোটেও যুক্তিসঙ্গত নয়।
আন্দোলনের সমন্বয়ক ও নাটোরের ব্যবসায়ী সাদ্দাম হোসেন বলেন, তাদের দাবি এ ভ্যাট প্রত্যাহার না করা হলে আগামীতে মহাসড়ক অবরোধ করে আরো বৃহত্তর কর্মসূচি পালন করা হবে।
উল্লেখ্য, রাজশাহী বিভাগের মধ্যে সবচেয়ে বেশি টমেটো চাষ হয় গোদাগাড়ী উপজেলায়।










