দুর্নীতি দমন কমিশনের পরিচালক পদে শূন্যপদ আগামী মে মাসের মধ্যেই পূরণ করা হবে বলে জানিয়েছেন দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন। তিনি বলেন, ‘এখন তো এপ্রিল মাস, আগামী মে মাসের মধ্যেই এখন পরিচালকের যে পদগুলো শূন্য রয়েছে, সেগুলো পূরণ করা হবে। তারপর যেগুলো খালি হবে, সেগুলো তখন পূরণ করা হবে।’

রোববার (৭ এপ্রিল) সাংবাদিকদের সঙ্গে সমসাময়িক বিষয়ে তিনি ব্রিফ করেন। তখন শূন্য পদ বিষয়ে জানতে চাইলে তিনি এ কথা জানান।

উল্লেখ্য, দুদকের ১০ জন পরিচালক ও দুজন উপ-পরিচালক এ বছর অবসরে যাবেন। দুদক কর্মকর্তাদের জ্যেষ্ঠতার তালিকা সূত্রে এ তথ্য জানা গেছে। দুদক বলছে, তাদের অবসরের কারণে এ সময়ে ১০ জন উপ-পরিচালকের পরিচালক পদে পদোন্নতি পাওয়ার সুযোগ তৈরি হবে।

এ বছর অবসরে যাবেন দুদকের ১৩ পরিচালক, ২ উপ-পরিচালক

দুদক সূত্রে জানা গেছে, এরই মধ্যে ২৯ মার্চ মো. মোনায়েম হোসেন, ৩০ মার্চ গোলাম শাহরিয়ার চৌধুরী ও আনোয়ারুল হক অবসরে গেছেন। আগামী ১৫ এপ্রিল মলয় কুমার সাহা, ৪ জুন মো. কামরুল আহসান, ২৯ জুন মো. নাছির উদ্দিন, ৩০ জুন মো. তালেবুর রহমান, ৭ জুলাই মো. আব্দুল মাজেদ, ১৪ আগস্ট মো. জাহাঙ্গীর হোসেন, ২৪ সেপ্টেম্বর মো. আব্দুল করিম, ৫ অক্টোবর মো. আবুল হোসেন, ২০ নভেম্বর সৈয়দ তাহসিনুল হক ও ৩১ ডিসেম্বর জালাল উদ্দিন আহমদ পরিচালক পদ থেকে অবসরে যাবেন। তাদের মধ্যে গোলাম শাহরিয়ার চৌধুরী ১৯৯৬ সালে, মো. আব্দুল করিম, মো. নাছির উদ্দিন ও মো. কামরুল আহসান ১৯৯৫ সালে এবং বাকিরা সবাই ১৯৯৪ সালে তখনকার দুর্নীতি দমন ব্যুরোতে যোগ দেন।

এছাড়া উপ-পরিচালকদের মধ্যে ১৭ জুন সেলিনা আখতার ও ৮ জুলাই মুহ. মাহবুবুল আলম অবসরে যাবেন। এছাড়া গত ৯ ফেব্রুয়ারি উপ-পরিচালক মো. শফিউল্লাহ অবসরে গেছেন।