খুলনার কয়রা উপজেলার উত্তরচক আমিনীয়া বহুমুখী কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাসুদুর রহমানকে মারধর করার মামলায় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর ইউনিয়নের চেয়ারম্যান এসএম বাহারুল ইসলামকে গ্রেফতার করেছে র‍্যাব।

কয়রা থানার ওসি দোহা জানান, র‍্যাব-৬-এর একটি দল বৃহস্পতিবার মধ্যরাতে অভিযান চালিয়ে খুলনা শহরের ভাড়া বাসা থেকে ইউপি চেয়ারম্যান বাহারুল ইসলামকে গ্রেফতার করে। গতকাল সকাল ১০টার দিকে তাকে কয়রা থানায় হস্তান্তর করা হয়েছে।

ওসি বলেন, এর আগে বৃহস্পতিবার রাতে মারধরের শিকার ওই শিক্ষকের স্ত্রী বাদী হয়ে ইউপি চেয়ারম্যান বাহারুল ইসলামসহ ১২ জনের বিরুদ্ধে মামলা করেন।

মাসুদুর জানান, গত ১৮ জুলাই মাদ্রাসায় কাজ করার সময় ইউপি চেয়ারম্যান বাহারুলের নেতৃত্বে বেশ কয়েকজন তাকে মারধর করেন। বর্তমানে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

মারধরের কারণ সম্পর্কে তিনি জানান, মাদ্রাসাটি ঢাকার ইসলামিক অ্যারাবিক ইউনিভার্সিটির আওতাভুক্ত। সম্প্রতি তারা পাশের মহারাজপুর ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদকে এ মাদ্রাসার সভাপতি নিযুক্ত করেছেন। সদর ইউপি চেয়ারম্যান বাহারুল ইসলামও এ মাদ্রাসার সভাপতি হতে আগ্রহী ছিলেন।

বাহারুল সভাপতি হতে না পারায় তাকে দায়ী করে লোকজন নিয়ে মারধর করেন বলে অভিযোগ করেন মাসুদুর।