ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে তৃতীয় দিনে ১৩১ জন প্রার্থী আপিল করেছেন। এতে তিন দিনে মোট আপিলের সংখ্যা দাঁড়িয়েছে ২৯৫টি।

বুধবার (৭ জানুয়ারি) নির্বাচন কমিশনের আপিল আবেদন গ্রহণের কেন্দ্রীয় বুথ থেকে এ তথ্য জানানো হয়।

নির্বাচন কমিশন জানিয়েছে, প্রথম দিনে ৪২টি এবং দ্বিতীয় দিনে ১২২টি আপিল আবেদন জমা পড়ে। তৃতীয় দিনে যুক্ত হয়েছে আরো ১৩১টি আবেদন। মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে এবার রিটার্নিং কর্মকর্তারা মোট ৭২৩টি মনোনয়নপত্র বাতিল করেন। এসব সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল গ্রহণ চলবে ৯ জানুয়ারি পর্যন্ত।

নির্বাচন কমিশন আরো জানিয়েছে, আপিল নিষ্পত্তি করা হবে ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তারা ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবেন এবং সেদিনই প্রতীক বরাদ্দ দেয়া হবে। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি দেশের বিভিন্ন কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।