পঞ্চগড়ে বইছে মাঝারি শৈত্যপ্রবাহ। রোববার (১৯ জানুয়ারি) ভোর থেকে ঘন কুয়াশা দেখা গেলেও সূর্য ওঠার পর কুয়াশা কেটে যায়। তবে উত্তরের হিমেল হাওয়ার কারণে কনকনে শীত অনুভূত হচ্ছে।

রোববার সকাল ছয়টায় পঞ্চগড়ে সর্বনিম্ন ৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। সকাল ৯টাও সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

সে সময় বাতাসের আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ। সে সঙ্গে, ঘণ্টায় ৯ থেকে ১০ কিলোমিটার বেগে হাওয়া বয়ে যাচ্ছে। গতকাল পঞ্চগড়ে তাপমাত্রা ছিল ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

মাঘের হাঁড়কাপানো শীত আজও বিরাজ করছে এই জনপদে। সকাল থেকে সবজি চাষীসহ অন্যান্য কৃষকের মাঠে আসতে বিলম্ব হয়েছে। পাথর ও বালু শ্রমিকরা করতোয়া নদীতে বরফশীতল পানিতে নামতে পারছে না।

পঞ্চগড়ের তেঁতুলিয়ার প্রথম শ্রেণি আবহাওয়া পর্যবেক্ষণাগাড়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা জীতেন্দ্রনাথ জানান, জানুয়ারি মাসের বাকি দিনগুলোতে তাপমাত্রা আরো কমে গিয়ে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাবে। তাপমাত্রা ৮ থেকে ১১ ডিগ্রির মধ্যে ওঠানামা করার আভাস দিয়েছেন তিনি।