ঠাকুরগাঁও আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী হিসাবরক্ষক ফারুক আহমেদকে ঘুস লেনদেনের সময় হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে পৌরশহরের জেলখানা সংলগ্ন বাজারপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

দুদকের তথ্য অনুযায়ী, ফারুক আহমেদ এক গ্রাহকের পাসপোর্ট সমস্যার সমাধানের আশ্বাস দিয়ে ৫০ হাজার টাকা ঘুস দাবি করেন। প্রথম কিস্তিতে ২০ হাজার টাকা নেয়ার সময় দুদকের একটি বিশেষ টিম তাকে হাতেনাতে আটক করে।

ভুক্তভোগী মিরানা মাহজাবিন সরকার জানান, পাসপোর্ট আবেদন জমা দেয়ার পর নানা অজুহাতে তাকে ঘুরানো হয়। পরে সমস্যার সমাধানের জন্য কর্মকর্তারা তার কাছে ৫০ হাজার টাকা দাবি করেন। বিষয়টি তিনি লিখিতভাবে দুদকে জানান। দুদকের নির্দেশনা অনুযায়ী তিনি ২০ হাজার টাকা নিয়ে ঘটনাস্থলে গেলে ফারুক আহমেদকে ঘুস গ্রহণের সময় আটক করা হয়।

ঠাকুরগাঁও দুদক কার্যালয়ের উপ-পরিচালক তাহসিন মুনাবীল হক বলেন, এটি নতুন কমিশনের প্রথম অভিযান। ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে আমরা গোপনে ওই এলাকায় অভিযান চালাই। ফারুক আহমেদ ঘুস নেয়ার সময় তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইনে মামলা করা হয়েছে। এছাড়া এ ঘটনায় আরো কেউ জড়িত আছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে।