ভোলার তজুমদ্দিন উপজেলায় অবৈধভাবে মজুদ এবং লাইসেন্স না থাকার অভিযোগে দুটি গোডাউন থেকে ৭৬০ বস্তা সরকারি চাল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার দিবাগত রাত ১২ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মরিয়ম বেগম এ অভিযান পরিচালনা করেন। উপজেলা সদরের মেঘনা রোডের হাওলাদার ট্রেডার্স নামের গোডাউন থেকে এসব চাল জব্দ করা হয়।
চাল ব্যবসায়ী নুরুন্নবী হালাদার এ গোডাউনের মালিক বলে জানা গেছে। চালের গায়ে খাদ্য অধিদপ্তরের লেবেল লাগানো ছিল। জব্দকৃত চাল তজুমদ্দিন থানায় নিয়ে যাওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মরিয়ম বেগম জানান, গোপন সংবাদ পেয়ে একটি গোডাউনে অভিযান পরিচালনা করে ৭৬০ বস্তা চাল জব্দ করা হয়। গোডাউন মালিকের লাইসেন্স নবায়ন ছিল না এবং সে অবৈধভাবে এসব চাল মজুদ করেছিলো বলে জানা গেছে। এদিকে বিপুল পরিমাণ চাল জব্দ করার ঘটনায় পুরো উপজেলা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এ ব্যাপারে তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল হক বলেন, ঘটনাস্থল থেকে রাতেই চালগুলো থানায় নিয়ে এসেছি। এ ঘটনায় একটি মামলা করা হবে।










