চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর এলাকায় অবস্থানরত জ্বালানি তেলবাহী এমটি মেঘনা ট্রেডার নামের বাণিজ্যিক জাহাজে অগ্নিকাণ্ড ঘটেছে। আজ সকাল ৭টা ২৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে বাংলাদেশ কোস্ট গার্ডের একাধিক অগ্নিনির্বাপণ ও উদ্ধারকারী দল কাজ করছে।

বাংলাদেশ কোস্ট গার্ড সুত্রে জানা গেছে, সকালে খবর পাওয়ার পরপরই কোস্ট গার্ডের জাহাজ ‘শ্যামল বাংলা’, কোস্ট গার্ড টাগ ‘প্রমত্ত’সহ একাধিক অগ্নিনির্বাপণ দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কার্যক্রম শুরু করে।

এসময় জাহাজটিতে থাকা মোট ২২ জন ক্রুকে নিরাপদে উদ্ধার করা হয়। আগুনের ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা নিখোঁজের তথ্য পাওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণ ও সম্পূর্ণ নির্বাপণের জন্য অগ্নিনির্বাপণ ও উদ্ধারকারী দল নিরবচ্ছিন্নভাবে কাজ চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার সাব্বির আলম সুজন বণিক বার্তাকে জানান, সকালে আগুন লাগলে দ্রুত কোস্ট গার্ড জাহাজ ‘শ্যামল বাংলা’, কোস্ট গার্ড টাগ ‘প্রমত্ত’সহ একাধিক অগ্নিনির্বাপণ দল আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এখন পর্যন্ত ২২ জন ক্রুকে উদ্ধার করা হয়েছে। কোন হতাহত বা নিখোঁজের তথ্য পাওয়া যায়নি। এখনো আগুন সম্পুর্ন নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণে আসলে ক্ষয়ক্ষতি নিশ্চিত করা যাবে।