বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে ঝালকাঠিতে বৃহস্পতিবার (২৯ মে) সকাল থেকে চলছে ভারী বৃষ্টিপাত। কখনো মুষলধারে আবার কখনো থেমে থেমে ভারী বৃষ্টিপাত হচ্ছে। টানা বর্ষনে শহরের বেশ কয়েকটি সড়কে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। জরুরী প্রয়োজন ছাড়া ঘর থেকে বেরোচ্ছেন না অনেকেই। জীবিকার তাগিদে বৃষ্টি উপেক্ষা করে ঘর থেকে বের হয়েছেন রিকশা ও অটোচালকরা। তবে শহরে মানুষের উপস্থিতি কম হওয়ায় যাত্রী পাচ্ছেন না তারা। বৈরী আবহাওয়ার কারণে ঘর থেকে বের হতে না পেরে বেশি বিপাকে পড়েছেন শ্রমজীবী মানুষ। শহরের অধিকাংশ দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠান খোলেননি ব্যবসায়ীরা।
এদিকে জেলার সুগন্ধা ও বিষখালী নদীতে জোয়ারের সময় স্বাভাবিকের চেয়ে তিন থেকে চার ফুট উচ্চতায় পানি প্রবাহিত হচ্ছে। এতে আতঙ্কের মধ্যে রয়েছেন নদী পাড়ের বাসিন্দারা।
ঝালকাঠি জেলা প্রশাসক আশরাফুর রহমান বলেন, ‘ঝালকাঠির নদী তীরবর্তী বাসিন্দাদের নিরাপদে থাকতে বলা হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়া মোকাবেলায় জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে।’










