নাটোরের লালপুরে আওয়ামী লীগ নেতা ওসমান গনিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কদিমচিলান ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ওসমান গণি লালপুরের কদিমচিলান ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক হত্যার প্রধান আসামি ও ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ওসমান গনির সঙ্গে সাবেক ইউপি সদস্য রেজাউলের দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। গতকাল সকালে ওসমান গনি ডাঙ্গাপাড়া চিলান গ্রামের পুরানো বাড়িতে চা খেয়ে বের হন। এ সময় পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষ সাবেক ইউপি সদস্য রেজাউল করিম ও তার লোকজন ধারালো অস্ত্র দিয়ে ওসমান গনির ওপর হামলা চালায়। এতে গুরুতর জখম হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
লালপুর থানার ওসি উজ্জ্বল হোসেন জানান, কদিমচিলান ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক হত্যা মামলার প্রধান আসামি ছিলেন নিহত ওসমান। তদন্ত করে হত্যার রহস্য উদঘাটন করা হবে।










