অর্থঋণ আদালতের চারটি মামলায় গ্রেফতার হওয়া নাটোর জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি বাসিরুর রহমান খান চৌধুরি ওরফে এহিয়াকে জামিন দিয়েছেন আদালত। গ্রেফতার হওয়ার দেড় ঘণ্টার মধ্যে নাটোর সিনিয়র জুডিশিয়াল আদালতের বিচারক আবু সাঈদ তার জামিন মঞ্জুর করেন।
জামিনের পর স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল মোটরসাইকেল শোডাউন করে আদালত থেকে শহরের কানাইখালী এলাকার এহিয়ার ব্যক্তিগত অফিসে আসেন।
এর আগে গতকাল বিকাল সাড়ে ৪টার দিকে শহরের কানাইখালী চালপট্টি এলাকার নিজ বাড়ি থেকে বাসিরুর রহমান খান চৌধুরি এহিয়াকে গ্রেফতার করে নাটোর সদর থানা পুলিশ।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মতিন জানান, ঢাকার অর্থঋণ আদালতের চারটি মামলায় পরোয়ানা ছিল ব্যবসায়ী বাসিরুর রহমান খান চৌধুরি এহিয়ার বিরুদ্ধে। বিকাল সাড়ে ৪টার দিকে সদর থানা পুলিশ এবং জেলা গোয়েন্দা পুলিশ যৌথ অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে।
বিকাল ৫টার দিকে আদালতে এহিয়া চৌধুরিকে হাজির করা হয়। এ সময় চারটি মামলা জামিনযোগ্য হওয়ার কারণে নাটোর সিনিয়র জুডিশিয়াল ম্যাজস্ট্রেট আদালতের বিচারক আবু সাঈদ তার জামিন মঞ্জুর করেন।
তবে ১৫ দিনের মধ্যে ঢাকার আদালতে হাজির হয়ে জামিন নিয়ে নাটোর আদালতকে অবহিত করার নির্দেশও দেন আদালত।
এ সময় নাটোর আদালত চত্বরে উপস্থিত ছিলেন নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলসহ দলীয় নেতাকর্মীরা।
এ বিষয়ে নাটোর জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট সিরাজুল ইসলাম জানান, যুবলীগ নেতা এহিয়ার নামে যে চারটি মামলার পরোয়ানা ছিল তার সবই জামিনযোগ্য। বিচারক মামলার তথ্য ও ধারা বিশ্লেষণ করে এহিয়া চৌধুরিকে জামিন মঞ্জুর করেছেন।










