চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালে (এনসিটি) কনটেইনার ওঠানো-নামানোর যন্ত্রে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে বন্দরের একাংশের কার্যক্রম সাময়িক বন্ধ।
বন্দর ফায়ার স্টেশনের তথ্য অনুযায়ী, আজ সোমবার দুপুর আড়াইটার দিকে এনসিটির দক্ষিণ দিকে ৪ নম্বর বার্থের পাশে অপারেশনাল থাকা আরটিজি-৪০১৪ নম্বর ক্রেনটিতে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে জেটি ও ইয়ার্ড এলাকায় আতঙ্ক দেখা দেয়।
আগুনের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে বন্দর কর্তৃপক্ষের নিজস্ব ফায়ার সার্ভিস ইউনিট উদ্ধার কাজ শুরু করে। পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে নৌবাহিনীর ফায়ার ইউনিটও যোগ দেয়। দুই ইউনিটের চেষ্টায় বেলা সাড়ে ৩টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
এ ঘটনায় বন্দরের কার্যক্রম সাময়িক বন্ধ থাকলেও বর্তমানে সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে বণিক বার্তাকে জানিয়েছেন চট্টগ্রাম বন্দরের ভারপ্রাপ্ত সচিব নাসির উদ্দিন।










