চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি নির্বাচিত হয়েছেন প্রিমিয়ার সিমেন্ট মিলস পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মো. আমিরুল হক। এছাড়া সিনিয়র সহসভাপতি হয়েছেন রাইজিং গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আমজাদ হোসাইন চৌধুরী ও সহসভাপতি হয়েছেন অ্যাসোসিয়েট গ্রুপের মোহাম্মদ মশিউল আলম স্বপন।
আজ সোমবার আগ্রাবাদে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে চেম্বার কার্যালয়ে নব নির্বাচিত পরিচালকদের সভায় সর্বসম্মতিক্রমে এ প্রেসিডিয়াম গঠিত হয়।
গত ২৩ মে অনুষ্ঠিত নির্বাচনে মো. আমিরুল হকের নেতৃত্বাধীন ইউনাইটেড বিজনেস ফোরাম পূর্ণ প্যানেলে জয়ী হয়। চেম্বারের নিয়ম অনুযায়ী ফলাফল ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যে পরিচালকদের ভোটে প্রেসিডিয়াম গঠন করতে হয়।
নবনির্বাচিত সভাপতি মো. আমিরুল হক বণিক বার্তাকে বলেন, চেম্বারের আর্থিক শৃঙ্খলা পুনরুদ্ধার এবং প্রতিষ্ঠানটিকে আত্মমর্যাদাশীল সংগঠন হিসেবে গড়ে তোলা নতুন পরিচালনা পর্ষদের অগ্রাধিকার। দীর্ঘদিন পর ব্যবসায়ীদের সরাসরি ভোটে নেতৃত্ব নির্বাচনের এ ধারা অব্যাহত রাখার প্রতিশ্রুতিও দেন তিনি।










