লক্ষ্মীপুর জেলার ৩টি থানায় পুলিশের সেবা কার্যক্রম শুরু হয়েছে। থানাগুলো হলো- সদর মডেল থানা, রামগতি ও চন্দ্রগঞ্জ থানা। কমলনগর, রায়পুর ও রামগঞ্জ থানায় এখনো সেবা কার্যক্রম শুরু হয়নি।

শুক্রবার (৯ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মুঠোফোনে থানার কার্যক্রমের বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার তারেক বিন রশিদ।

এর আগে বিকালে রামগতি থানার ভারপ্রাপ্ত (ওসি) মোসলেহ উদ্দিনকে ফুলের মালা দিয়ে বরণ করে থানার কার্যক্রম চালু করার জন্য স্থানীয় বাসিন্দারা পরামর্শ দিয়েছে।

পুলিশ সুপার তারেক বিন রশিদ বলেন, দেশব্যাপী সহিংসতার কারণে পুলিশের কর্মবিরতি ছিল। আজ থেকে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে থানাগুলোর কার্যক্রম চালু করা হয়েছে। আগামীকাল কমলনগর থানার কার্যক্রম চালু হবে। রায়পুর ও রামগঞ্জ থানার কার্যক্রম চালু হতে আরো কিছুদিন সময় লাগবে। এ দুটি থানায় ৫ আগস্ট দুর্বৃত্তরা আগুন দিয়েছে। এতে থানার অনেক ক্ষয়ক্ষতি হয়।